তীব্র দাবদাহে পাকিস্তানের পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান তিন মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা।
প্রচণ্ড গরম থেকে শিক্ষার্থীদের বাঁচাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় তিন মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। সোমবার শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত এই ঘোষণা দেন এবং নিজের ফেসবুক পেজেও তা নিশ্চিত করেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ আগস্ট পর্যন্ত। ২৪ আগস্ট থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবে তাপদাহ স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে আঁচ করে পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগেই জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিল। শেষ পর্যন্ত পরিস্থিতির অবনতিতে দীর্ঘ এই ছুটির সিদ্ধান্ত নিল সরকার।
ছুটির পাশাপাশি স্কুলগুলোকে বেশ কিছু নির্দেশনা মানতে বলা হয়েছে। বাইরের সব খেলাধুলা ও কার্যক্রম স্থগিত রাখা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া গরমে হালকা ও ঢিলেঢালা পোশাক পরার পরামর্শও দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।

মতামত দিন