আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে মালবাহী ট্রেনের বগি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

মেক্সিকো সীমান্তের কাছাকাছি টেক্সাসের লারেডো শহরে একটি কার্গো ট্রেনের বন্ধ বগির ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে ইউনিয়ন প্যাসিফিক রেলইয়ার্ডে এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়।

রেলইয়ার্ডের একজন কর্মচারী বিকেল ৩টার দিকে নিয়মিত পরিদর্শনে গিয়ে বগির ভেতর মরদেহগুলো আবিষ্কার করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণের এই শহরে রোববার তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইটের উপরে। তবে অতিরিক্ত গরমই মৃত্যুর কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। মৃতদের পরিচয়, বয়স কিংবা তারা অভিবাসী ছিলেন কি না — সে বিষয়েও কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি।

ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে। লারেডো পুলিশের পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং টেক্সাস রেঞ্জার্স মিলে যৌথভাবে তদন্ত পরিচালনা করছে।

মতামত দিন