রাজশাহীতে গাছে বেঁধে যুবককে প্রকাশ্যে নির্যাতন, ভিডিও ভাইরাল।
রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, তুষার (৩৫) নামের ওই যুবক মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে। একটি বাসার জানালার থাইগ্লাস চুরির সন্দেহে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
এরপর কয়েকজন ব্যক্তি তাকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর শুরু করে। রোববার (১০ মে) ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, বাঁশ ও লাঠি দিয়ে একাধিক ব্যক্তি তাকে আঘাত করছে। এক পর্যায়ে বাঁশ ভেঙে গেলে আবার নতুন বাঁশ এনে মারধর চালানো হয়।
ভিডিওতে শোনা যায়, তুষার বারবার অনুরোধ করে বলছেন—“আর মারিস না… আমি আর করব না…”। তবে তার অনুরোধ উপেক্ষা করে নির্যাতন চলতে থাকে।
স্থানীয়দের দাবি, পুরো ঘটনাটি ‘হৃদয়’ নামের এক যুবক ভিডিও ধারণ করছিল। সেখানে উপস্থিত থাকলেও কেউ নির্যাতন থামাতে এগিয়ে আসেনি।
এলাকাবাসী বলছে, কোনো অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া উচিত ছিল, নিজের হাতে শাস্তি দেওয়া অপরাধ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় আশিক, মাহিন ও মানিক নামের কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ভিডিও ধারণকারীর নাম হিসেবে হৃদয়ের নামও উঠে এসেছে।
মতিহার থানার ওসি গোলাম কবির বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ না এলেও ভুক্তভোগী মামলা করবেন বলে জানা গেছে।

মতামত দিন