আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের ৯ গ্রামে সরানোর নির্দেশ ইসরায়েলের।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সেখানকার অন্তত নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই জানান, নির্দিষ্ট কিছু বসতি এলাকায় হিজবুল্লাহ অবস্থান করছে—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে আকাশপথে ও স্থলপথে হামলা চালানোর প্রস্তুতি চলছে।

যে গ্রামগুলো সরাসরি সতর্কতার আওতায় এসেছে সেগুলো হলো—আল-রিহান, জারজৌহ, কাফর রুম্মানে, নেমিরিয়েহ, আরাবসালিম, জেমজিম, মাশঘারা, কালাইয়া এবং হারুফ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, নাবাতিয়েহ অঞ্চলের একাধিক জায়গায় একযোগে বিমান হামলা চালানো হয়েছে। ইউহমোর আল-শাকিফ, তুল ও শৌকিন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশের আবা অঞ্চলেও নতুন করে আঘাত হানা হয়েছে।

এই হামলাগুলোর ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত সরকারিভাবে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়নি।

তবে স্থানীয় সূত্র বলছে, সারবিন ও ইয়াতের এলাকায় ড্রোন হামলায় একজনের মৃত্যু হয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে হাজারো হামলা হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ আহত ও নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্ত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী মানারা এলাকায় একটি ড্রোন বিস্ফোরণে তাদের একজন সেনা নিহত হয়েছেন। চলমান সংঘাতে এ পর্যন্ত তাদের একাধিক সেনা প্রাণ হারিয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন