এআই নজরদারিতে বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনা,সিন্ডিকেট ঠেকাতে উদ্যোগ নিচ্ছে সরকার:বাণিজ্যমন্ত্রী।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সিন্ডিকেটভিত্তিক কারসাজি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে হাঁটছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআইভিত্তিক পর্যবেক্ষণের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট দ্রুত শনাক্ত করা যায়।
সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের ভোগ্যপণ্যের বড় একটি অংশ আমদানিনির্ভর হওয়ায় সীমিত কয়েকটি গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বাজারে দাম বাড়লেই মানুষের মধ্যে ধারণা তৈরি হয়, সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। সেই অবস্থার পরিবর্তনে সরকার ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি জানান, বাজার ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে কিছু পণ্যের জন্য কৌশলগত মজুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরবরাহ চেইনের প্রতিটি ধাপ প্রযুক্তির মাধ্যমে নজরদারিতে আনা হবে, যাতে কেউ ইচ্ছাকৃতভাবে বাজারে প্রভাব ফেলতে না পারে।
টিসিবির কার্যক্রম প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ঈদকে সামনে রেখে এবার খাদ্যপণ্যের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত বছর যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন পণ্য সরবরাহ করা হয়েছিল, এবার সেই পরিমাণ বাড়িয়ে ১৪ হাজার টনে নেওয়া হয়েছে। এছাড়া ভর্তুকি মূল্যের পণ্য বিক্রির কার্যক্রম শুধু উৎসবকেন্দ্রিক নয়, সারা বছরই চলমান থাকবে।
উপকারভোগীদের তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি জানান, সরকার পরিবর্তনের পর টিসিবির ১ কোটি কার্ড যাচাই করতে গিয়ে বিপুল সংখ্যক অনিয়ম ধরা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রায় ৫৯ লাখ কার্ড বাতিল বা প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে ৮০ লাখ উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং নতুন করে আরও ২০ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বড় মূলধনের প্রয়োজন হওয়ায় আমদানিভিত্তিক ব্যবসায় সবার অংশগ্রহণ সম্ভব হয় না। তবে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে টিসিবির সঙ্গে অংশীদারিত্বমূলক নতুন একটি মডেল চালুর বিষয়েও সরকার কাজ করছে। লক্ষ্য হচ্ছে—স্বচ্ছতা নিশ্চিত করে বাজার ব্যবস্থায় কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং যেকোনো ধরনের কারসাজির সুযোগ বন্ধ করা।

মতামত দিন