সিরাজগঞ্জে রাতের আঁধারে ঘুমিয়ে থাকা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা।
উল্লাপাড়ায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন তার স্ত্রীও।
রোববার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোবহান প্রামানিক (৭০)।
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে হায়দুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি একই গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী শেফালী খাতুন। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে সোবহান ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন।
স্থানীয়দের দাবি, এলাকার একটি খাস পুকুর নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান জানান, ঘটনাটির পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
মতামত দিন