জাতীয়
ছবি: সংগৃহীত

ট্রাফিক আইন ভাঙলে কাটা যাবে পয়েন্ট, বাতিল হতে পারে লাইসেন্স।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে সড়ক শৃঙ্খলা ফেরাতে নতুন কড়াকড়ি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে চার চাকার যানবাহনের চালকরা ট্রাফিক আইন অমান্য করলে শুধু অর্থদণ্ড দিয়েই পার পাবেন না, তাদের ড্রাইভিং লাইসেন্সেও কাটা হবে নির্দিষ্ট ডিমেরিট পয়েন্ট।

ডিএমপি জানিয়েছে, কোনো চালকের বিরুদ্ধে মোট ১২ ডিমেরিট পয়েন্ট জমা হলে তার লাইসেন্স সাময়িক স্থগিত কিংবা বাতিল হতে পারে। নতুন ব্যবস্থার আওতায় ১৩ ধরনের ট্রাফিক অপরাধের জন্য আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

এতদিন বেশিরভাগ ক্ষেত্রেই মামলা হতো গাড়ির রেজিস্ট্রেশনের ভিত্তিতে, ফলে দায়ভার মূলত বহন করতেন গাড়ির মালিক। তবে নতুন নিয়মে সরাসরি চালকের ব্যক্তিগত লাইসেন্সের ওপর প্রভাব পড়বে। এতে চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে বলে আশা করছে ট্রাফিক বিভাগ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গত দুই মাসে এক হাজারের বেশি চালকের লাইসেন্স থেকে ডিমেরিট পয়েন্ট কাটা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই পদ্ধতির মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়; বরং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা।

তবে চালকদের জন্য আপিলের সুযোগও রাখা হয়েছে। কোনো চালক যদি টানা ছয় মাস ট্রাফিক আইন ভঙ্গ না করেন, তাহলে তার কাটা পয়েন্টের মধ্যে দুই পয়েন্ট পুনরায় যোগ হবে।

সড়ক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই হবে না, এর পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, লেন শৃঙ্খলা নিশ্চিত করা এবং ব্যাপক সচেতনতামূলক কার্যক্রমও জরুরি। রোড সেফটি ফাউন্ডেশনের মতে, দীর্ঘমেয়াদে কার্যকর ফল পেতে সমন্বিত সড়ক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন।

মতামত দিন