দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত।
রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে সোমবার সন্ধ্যার আগেই কালবৈশাখী ধরনের ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তনের আশঙ্কা রয়েছে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন