রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই চলতি মৌসুমের জন্য সময়সূচি চূড়ান্ত করা হয়।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ২২ মে থেকে গোপালভোগ আম বাজারজাত করা যাবে। ২৫ মে রাণীপছন্দ, ৩০ মে হিমসাগর বা খিরসাপাত এবং ১০ জুন থেকে ল্যাংড়া জাতের আম সংগ্রহ ও বিক্রি শুরু হবে। এছাড়া ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি আম বাজারে আসবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগে এই ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো অপরিপক্ক আম বাজারে আসা রোধ করা এবং নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ নিশ্চিত করা।
জেলা প্রশাসক জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে কেউ বাগান থেকে আম সংগ্রহ বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন