আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ঝড়বৃষ্টি সতর্কতা, ১৪ জেলায় দমকা হাওয়ার সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের একাধিক অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (১০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে। এর পাশাপাশি আগামী ১১ মে’র মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আবহাওয়ার পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী দিনগুলোতেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এরপর ১৩ ও ১৪ মে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে।

মতামত দিন