অপরাধ
ছবি: সংগৃহীত

রাতের আঁধারে ফসলরক্ষা বাঁধ কেটে ফেলার ঘটনায় পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার ঘটনায় হাওরের ফসল ও যোগাযোগ ব্যবস্থায় নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর এলাকার মধ্যবর্তী বাঁধটি কেটে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়দের ভাষ্য, বাঁধ কেটে দেওয়ার পর ছায়ার হাওরে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। এতে হাওরে থাকা অবশিষ্ট ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। পাশাপাশি ওই বাঁধটি এলাকাটির গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হওয়ায় চলাচল ব্যবস্থাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষক সবিনয় শীল জানান, অতিবৃষ্টির কারণে আগেই ফসলের বড় ক্ষতি হয়েছিল। কিছু জমির পানি কমে আসায় শেষ মুহূর্তে ফসল ঘরে তোলার আশা ছিল। কিন্তু হঠাৎ বাঁধ কেটে দেওয়ায় বাকি ফসলও ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে গিয়ে জরুরি মেরামতের কাজ শুরু করেছে। উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, “বাঁধ মেরামতের কাজ চলছে, দ্রুত পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।”

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। তিনি জানান, বাঁধটি পুনরায় মেরামতের পাশাপাশি যারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন