বিদেশি নাগরিকদের হেনস্তা, নাটোরে আটক ২।
নাটোরের লালপুর উপজেলার একটি পার্কে বিদেশি দুই নাগরিককে ঘিরে আপত্তিকর আচরণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে আমিনুল ইসলাম (২৯) নামে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার হোলি দাগাছি এলাকার বাসিন্দা। অপর আটক ব্যক্তি রাসেলকে জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশের ভাষ্য, ঘটনাটিতে কার কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেজন্য তদন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা দুই বিদেশি নাগরিককে ঘিরে কয়েকজন ব্যক্তি অশোভন মন্তব্য করছেন। ভিডিওতে এক ব্যক্তিকে নিজেকে কনটেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে বিদেশিদের উদ্দেশে বিব্রতকর মন্তব্য করতে শোনা যায়।
বিশেষ করে বিদেশি পর্যটকদের নিয়ে করা কিছু মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে বিষয়টি নজরে এলে পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়।
মতামত দিন