অর্থনীতি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে বাড়ল স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে অনিশ্চয়তা এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে বিনিয়োগকারীরা আবারও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল নাগাদ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের মূল্য বাড়ে প্রায় ০.৭ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৭১৯ দশমিক ৬৮ ডলারে। সপ্তাহজুড়ে হিসাব করলে মূল্যবান এই ধাতুর দাম মোট ২.৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। লেনদেন শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৭৩০ দশমিক ৭০ ডলার, যা আগের তুলনায় ০.৪ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আভাস পাওয়ায় জ্বালানি তেলের বাজারে চাপ কমেছে। ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কাও আগের তুলনায় কিছুটা হালকা হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে যেখানে এ সম্ভাবনা ছিল ২২ শতাংশ, বর্তমানে তা নেমে এসেছে ১৪ শতাংশে।

বাজার বিশ্লেষক ডেভিড মেগার মনে করেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণের আচরণে পরিবর্তন এসেছে। তার ভাষ্য, এখন এটি কেবল নিরাপদ আশ্রয় নয়, বরং ঝুঁকিপূর্ণ সম্পদের মতোও প্রতিক্রিয়া দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসা এবং তেলের দাম হ্রাস পাওয়ায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদ কমানোর পথে যেতে পারে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীদের অবস্থান বদলাচ্ছে।

মতামত দিন