জাতীয়
ছবি: সংগৃহীত

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ সদস্য, সবার অবস্থা আশঙ্কাজনক।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) ভোরে উত্তর ভূইগর এলাকার গিরিধারা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সবজি ব্যবসায়ী মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০) এবং তাদের তিন সন্তান মুন্না (১২), মুন্নি (১০) ও কথা (৭)। পরিবারটির গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আটতলা ভবনের পশ্চিম পাশের নিচতলার ফ্ল্যাটটিতে গ্যাস জমে থাকার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া শাহজাহান মিয়া। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ থাকায় বদ্ধ ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে ভোরে পরিবারের কেউ লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহত পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। তাদের মধ্যে মো. কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া সায়মা ৬০ শতাংশ, কথা ৫২ শতাংশ, মুন্নি ৩৫ শতাংশ এবং মুন্না ৩০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন