ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে: সড়কমন্ত্রী।
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়ক, রেল ও নৌ—তিন খাতেই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখার চেষ্টা চলছে।
রোববার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন এলাকায় লেডিস ক্লাবে আয়োজিত ‘নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের নৌখাতকে আরও কার্যকর ও আধুনিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসানও নৌপথে দুর্ঘটনা কমাতে সচেতনতার ওপর জোর দেন। তিনি বলেন, দায়িত্বশীল আচরণ ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে নৌ দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
ঈদ সামনে রেখে যাত্রীচাপ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেন। বিশেষ করে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান যেন কোনোভাবেই চলাচল করতে না পারে, সে বিষয়ে নৌপুলিশকে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন