অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, আগুনে পুড়ল পিকআপ।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা তাদের বহনকারী একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়।

রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আমিন (৪০) নামে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন ব্যক্তি বাগচালা এলাকা অতিক্রম করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা আশপাশের মানুষকে খবর দেন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই তিনজনের মৃত্যু হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ইনস্পেক্টর (অপারেশন) মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে পুলিশের সদস্যরা কাজ করছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন