আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপের ইঙ্গিত, দেশজুড়ে বাড়ছে বজ্রবৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ওপর বিরাজমান গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। কারণ, বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে।

রোববার (১০ মে) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এই আবহাওয়াগত অবস্থার ধারাবাহিকতায় সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের প্রতিটি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে।

আগামী সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা আরও বাড়বে।

শুধু হালকা বৃষ্টিই নয়, আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তী সময়ে দেশের সব বিভাগেই বৃষ্টির বিস্তার বাড়তে পারে। কিছু এলাকায় মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তাপমাত্রার দিক থেকেও আসছে কিছুটা স্বস্তির খবর। আজ দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না হলেও রাতের দিকে সামান্য কমতে পারে। সোমবার দিন ও রাত—দুই সময়েই সারা দেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় একই রকম থাকতে পারে। এরপরের দুই দিন তাপমাত্রা বড় ধরনের পরিবর্তন ছাড়াই মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন