কসবা সীমান্তে বিএসএফ গুলিতে ২ বাংলাদেশি নিহত।
রাত তখন গভীর। কসবার ধজনগর সীমান্ত এলাকায় নীরবতা ভেঙে হঠাৎই গুলির শব্দ শোনা যায়।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর ইউনিয়নের ওই সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সীমান্ত সূত্র বলছে, ওই সময় সীমান্ত পেরিয়ে কয়েকজনের একটি দল চোরাচালানের কাজে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তখনই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধদের মধ্যে দুইজনকে পরে নিয়ে যাওয়া হয় আগরতলা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত মুরসালিনের বয়স ২৪ বছর এবং নবীর হোসেনের বয়স ৩০ বছর। দুজনই স্থানীয় এলাকার বাসিন্দা। ঘটনার পর তাদের মরদেহ বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। মরদেহ ফেরত আনার জন্য পতাকা বৈঠকসহ কূটনৈতিক প্রক্রিয়া চালু রয়েছে।
ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ।

মতামত দিন