জাতীয়
ছবি: সংগৃহীত

সন্তানদের বাঁচিয়ে আগুনে ঝলসে প্রাণ গেল দম্পতির।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। আগুনের ভেতর থেকেও শেষ মুহূর্তে নিজেদের সন্তানদের নিরাপদে বের করে আনতে সক্ষম হন তারা।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাতের নিরবতা ভেঙে হঠাৎ ওই টিন ও কাঠের ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দম্পতির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ আগুনের মধ্যেও সালাম ও নাসিমা তাদের সন্তানদের একে একে বাইরে পাঠিয়ে দেন। তবে নিজেরা আর বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

দোহার থানার এসআই সুমন সরকার জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের চার সন্তানই নিরাপদে রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

মতামত দিন