অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ডে এক পরিবারের পাঁচজনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন মেয়ে ও ছোট ভাই।

ঘটনার পর থেকে পরিবারের কর্তা ফোরকান মিয়া নিখোঁজ রয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনিই এই হত্যার সঙ্গে জড়িত।

শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার রাউতকোনা এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—শারমিন (৩৫), তার মেয়েরা মিম (১৫), মারিয়া (১২), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুল মিয়া (১৮)।

স্থানীয়দের ভাষ্য, পরিবারটি গোপালগঞ্জ থেকে এসে ওই এলাকায় ভাড়া থাকত। ফোরকান মিয়া ব্যক্তিগত গাড়িচালকের কাজ করতেন।

পুলিশের ধারণা, ঘটনার আগে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা চেতনানাশক জাতীয় কিছু মেশানো হয়েছিল। পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একে একে সবাইকে হত্যা করা হয়। নিহতদের কারও গলা কাটা, আবার কারও শরীরে এলোপাতাড়ি কোপের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর রাতেই ফোরকান বাসা ছেড়ে পালিয়ে যান। পরে স্বজনদের ফোন করে হত্যার বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ভোরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।

এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দায়ীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

মতামত দিন