মহাসড়কে বাস তল্লাশি, চালের বস্তা থেকে মিলল বিদেশি মদ যুবক আটক।
নেত্রকোনার পূর্বধলায় গভীর রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে জারিয়া মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের নাম এনামুল হোসাইন (১৯)। তিনি দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের একটি টিম মহাসড়কে নজরদারি শুরু করে। পরে কলমাকান্দাগামী ‘সুখ সালমান’ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এনামুলের বহন করা একটি বস্তা সন্দেহজনক মনে হলে সেটি খুলে দেখা হয়।
তল্লাশিতে চালের বস্তার ভেতর থেকে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সীমান্তঘেঁষা এলাকা দিয়ে অবৈধ মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন