১০ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কৌশলগত শক্তিতে নতুন বার্তা ভারতের।
দূরপাল্লার পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় অগ্রগতির দাবি করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থা শুক্রবার উড়িষ্যা উপকূল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি ১০ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। যদিও আনুষ্ঠানিকভাবে এর নাম প্রকাশ করা হয়নি, তবে প্রতিরক্ষা মহলে ধারণা করা হচ্ছে এটি অগ্নি সিরিজের সর্বাধুনিক সংস্করণের অংশ।
পরীক্ষামূলক উৎক্ষেপণের পর দিল্লির কৌশলগত সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সফলতা ভারতের দীর্ঘপাল্লার প্রতিরক্ষা প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেল।
ডিআরডিও প্রধান সমীর ভি কামাত সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, সরকার অনুমোদন দিলে আরও উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নে তারা প্রস্তুত। সর্বশেষ পরীক্ষায় ব্যবহৃত প্রযুক্তিতে উন্নত গাইডেন্স, রকেট চালনা ও পুনঃপ্রবেশ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপিও বিষয়টিকে ভারতের সামরিক সক্ষমতার বড় অর্জন হিসেবে তুলে ধরেছে। দলটির সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, এই প্রযুক্তি ভারতকে বিশ্বশক্তির কাতারে আরও এগিয়ে নেবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কয়েকটি দেশের কাছেই এত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। নতুন পরীক্ষার মাধ্যমে ভারতও সেই সীমিত গোষ্ঠীর অংশ হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মতামত দিন