পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী।
দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে পশ্চিমবঙ্গে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী।
স্থানীয় সময় সকাল ১১টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দুকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চেই তাদের উষ্ণ শুভেচ্ছা বিনিময় দেখা যায়।
নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির একাধিক পরিচিত মুখ। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু।
শপথ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ব্রিগেড এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহানসহ কেন্দ্রীয় নেতৃত্বের অনেকে।
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় খোলা গাড়িতে শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই প্রথম পশ্চিমবঙ্গে পূর্ণমাত্রায় সরকার গঠন করল বিজেপি, যা রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
মতামত দিন