চলন্ত ট্রেনে ছিনতাইকারীর হামলা, ছুরিকাঘাতে আহত যুবক।
রাজধানীর বিমানবন্দর এলাকা অতিক্রমকারী ট্রেনে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন ওমর ফারুক শাওন (২৬) নামে এক যাত্রী। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৮ মে) রাতে এ ঘটনা ঘটে। পরে আশপাশের যাত্রীরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বজনদের ভাষ্য, গাজীপুরে যাওয়ার জন্য বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠেন শাওন। ট্রেন ছেড়ে কিছুদূর যাওয়ার পর কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
শাওনের শ্বশুর নাহিদ হাসান জানান, তার জামাতা ছোট ব্যবসা করেন। হামলার সময় শাওনের কাছে প্রায় তিন হাজার টাকা ছিল, যা ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক আহত ব্যক্তিকে হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শাওনের বাড়ি গাজীপুরের মৌচাক এলাকায়।

মতামত দিন