জাতীয়
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনা প্রাণ গেল লরি চালকের, আশঙ্কাজনক সহকারী।

নিজেস্ব প্রতিবেদক:

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি পণ্যবাহী লরির চালক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন লরির সহকারী।

শনিবার (৯ মে) সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিম মিয়া উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় লরি চালক ছিলেন। আহত হামিদুর রহমানের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৈদ্যুতিক সরঞ্জামবোঝাই লরিটি নকলা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জালালপুর ম্যানেজার মার্কেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস লরিটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক হাসিম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সহকারী হামিদুরকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মতামত দিন