জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে ট্যাব: শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে ধাপে ধাপে শিক্ষার্থীদের কাছেও ট্যাব পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমানে শিক্ষকদের মধ্যে ট্যাব বিতরণ কার্যক্রম চলছে, পরবর্তীতে শিক্ষার্থীদেরও এই সুবিধার আওতায় আনা হবে।

শুক্রবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এজন্য বিশেষজ্ঞদের একটি দল পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষাকে আকর্ষণীয় ও কার্যকর করতে বইয়ের কাগজ, ছাপা ও উপস্থাপনার মান বাড়ানো জরুরি। পাশাপাশি গাইড ও নোটবইনির্ভর প্রশ্ন তৈরির প্রবণতা বন্ধে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বইমেলা আয়োজনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়কে আরও সম্পৃক্ত করা প্রয়োজন। তার মতে, শুধু সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির ওপর নির্ভর না করে প্রকাশক সমিতি এবং শিক্ষা মন্ত্রণালয়কেও ভবিষ্যতে বইমেলার আয়োজনের সঙ্গে যুক্ত করা উচিত।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে বইমেলা আয়োজনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় আর্থিক সহায়তা দেবে।

সভায় প্রকাশকরা প্রকাশনা শিল্পকে আনুষ্ঠানিকভাবে শিল্পখাতের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে নীতিগত সহায়তা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থার আহ্বানও জানান তারা।

মতামত দিন