এআই ক্যামেরার নজরদারিতে বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র।
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে এবার প্রযুক্তিনির্ভর কড়াকড়ি শুরু করেছে কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার ব্যবস্থা চালু হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ঢাকার ব্যস্ত মোড় ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো নতুন এই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে লালবাতি অমান্য, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিটবেল্ট ব্যবহার না করা, স্টপ লাইন অতিক্রমসহ বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধ তাৎক্ষণিক শনাক্ত করা হচ্ছে।
আগে যেখানে সিগন্যাল অমান্য করে দ্রুত চলে যাওয়ার প্রবণতা ছিল, এখন অনেক চালকই নিয়ম মেনে সিগন্যালের জন্য অপেক্ষা করছেন। মোটরসাইকেল আরোহীদের মধ্যেও জেব্রা ক্রসিং ও স্টপ লাইনের প্রতি আগের তুলনায় বেশি সতর্কতা দেখা যাচ্ছে।
সড়ক ব্যবহারকারীরা বলছেন, ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিক শনাক্তকরণ ও মামলার কারণে আইন ভাঙার প্রবণতা কমেছে। বিশেষ করে হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে সচেতনতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
শাহবাগ ট্রাফিক বিভাগের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ার পর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তার ভাষায়, “অনেক চালক আগে নিয়ম মানতে অনীহা দেখালেও এখন ক্যামেরার কারণে সতর্ক থাকছেন। রাইড শেয়ারিং মোটরসাইকেলের চালকদের মধ্যেও পরিবর্তন চোখে পড়ছে।”
তিনি আরও বলেন, ডিজিটাল নজরদারির ফলে আইন প্রয়োগে স্বচ্ছতা যেমন বাড়ছে, তেমনি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতেও এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।
মতামত দিন