জাতীয়
ছবি: সংগৃহীত

ফতুল্লায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৬ সদস্য প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

ফতুল্লায় অভিযানের সময় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার জেরে থানার দুই কর্মকর্তা ও চার সদস্যকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার এ বিষয়ে কথা বলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। তিনি জানান, অপরাধী ধরতে অভিযান যেমন চলবে, তেমনি দায়িত্বে অবহেলার বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

জানা গেছে, বুধবার দুপুরে পশ্চিম মাসদাইর এলাকার একটি বাড়িতে সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে সেখানে যায় ফতুল্লা থানার একটি টিম। পরে অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কিছু মালামালও জব্দ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

কিন্তু পরিস্থিতি পাল্টে যায় কিছুক্ষণের মধ্যেই। স্থানীয়ভাবে জড়ো হওয়া একদল লোক আচমকা পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। পরে হামলা চালিয়ে আটক ব্যক্তিদের হাতকড়াসহ নিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীর সংখ্যা ছিল অন্তত ৩০ জনের বেশি।

ঘটনার পর তদন্ত শুরু করে জেলা পুলিশ। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা এসআই আবুল বাশার, এএসআই আশিক এবং চার কনস্টেবলকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নাম পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। যারা পুলিশের কাজে বাধা দিয়েছে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


মতামত দিন