আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৮ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি, চট্টগ্রামে ৩৩ দশমিক ৩ ডিগ্রি, বরিশালে ৩৩ ডিগ্রি এবং ঢাকায় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ ও মোংলায়।

আবহাওয়ার সর্বশেষ তথ্যে বলা হয়েছে, আজ সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। এছাড়া রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

মতামত দিন