অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিদেশে পরিবহনসেবা খাতে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

বিদেশে পরিবহনসেবা খাতে অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সমন্বিত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক সার্কুলারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত সব ডিলার ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এতদিন পরিবহনসেবা বাবদ আউটওয়ার্ড রেমিট্যান্সের কার্যক্রম ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ এবং বিভিন্ন সময়ের আলাদা সার্কুলারের আওতায় পরিচালিত হয়ে আসছিল। এখন সেসব নির্দেশনা একত্র করে হালনাগাদ ও সমন্বিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ হয়।

নতুন নির্দেশনা কার্যকর হওয়ার ফলে ‘গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস-২০১৮’ (জিএফইটি) এবং পরবর্তী সময়ে জারি হওয়া সংশ্লিষ্ট সার্কুলারের এই সংক্রান্ত বিধানগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে। তবে মাসিক প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জিএফইটি ভলিউম-২ এর নির্দেশনা আগের মতো বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের ২০(৩) ধারার ক্ষমতাবলে এই সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনাগুলো প্রকাশের তারিখ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে নতুন কোনো নির্দেশনা এলে সেটি এই সার্কুলারের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

একইসঙ্গে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনার বিষয়বস্তু জানিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: বাসস

মতামত দিন