আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম।
আন্তর্জাতিক বাজারে আবারও শক্ত অবস্থানে ফিরেছে স্বর্ণ। নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় মূল্য পৌঁছেছে গত দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং জ্বালানি তেলের দাম নেমে আসায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ খাত থেকে সরে স্বর্ণের দিকে ঝুঁকছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা এবং সুদের হার বৃদ্ধির চাপ কমার ইঙ্গিতও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ ডলারের বেশি হয়েছে। এটি ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থান। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ঊর্ধ্বমুখী হয়ে ৪ হাজার ৭৫৪ ডলারের ঘরে পৌঁছেছে।
বাজার পর্যবেক্ষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমে গেলে সাধারণত বন্ডের ইল্ডও নিচে নামে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার বাড়ানোর গতি ধীর হতে পারে—এমন ধারণা থেকেই স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়ছে।
বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতেও স্বর্ণের বাজার চাঙ্গা থাকতে পারে।

মতামত দিন