জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে বাড়ছে উপজেলা, বগুড়া পাচ্ছে সিটি করপোরেশনের মর্যাদা।

নিজেস্ব প্রতিবেদক:

প্রশাসনিক সেবা আরও বিস্তৃত করতে দেশের বিভিন্ন এলাকায় নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাবও উঠছে নিকার সভায়।

বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বিষয়গুলো উপস্থাপনের কথা রয়েছে। সচিবালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রস্তাব অনুমোদন পেলে দেশের উপজেলা সংখ্যা বেড়ে হবে ৫০০। আর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে রূপ নিলে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।

নতুন উপজেলা গঠনের পরিকল্পনায় রয়েছে চারটি জেলার পাঁচটি এলাকা। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা ভেঙে ‘মাতামুহুরী’, বগুড়ার শিবগঞ্জ থেকে ‘মোকামতলা’ এবং লক্ষ্মীপুর সদর থেকে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ নামে দুটি পৃথক উপজেলা করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, জনসংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক বিস্তৃতি এবং প্রশাসনিক সেবা সহজলভ্য করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রম আরও দ্রুত পৌঁছে দিতেও নতুন ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আয়তন, অবকাঠামো ও জনসংখ্যাগত মানদণ্ড পূরণ করায় বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার সুপারিশ করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাক-নিকার সভাতেও এ বিষয়ে ইতিবাচক মত দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন ও ৪৯৫টি উপজেলা রয়েছে।

মতামত দিন