অপরাধ
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় পলাতক শিক্ষক গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

নেত্রকোনার মদনে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে আমান উল্লাহ সাগর নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি স্থানীয় একটি কওমি মহিলা মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

ভুক্তভোগী ১১ বছর বয়সী শিক্ষার্থীটি নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। পরিবারের অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে শিক্ষক সাগর তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখান।

ঘটনার দীর্ঘ সময় পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। পরে চিকিৎসা পরীক্ষায় জানা যায়, সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এরপর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। আত্মগোপনে থেকেই এক পর্যায়ে তিনি সামাজিক মাধ্যমে এসে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং ডিএনএ পরীক্ষার দাবি জানান।

পরবর্তীতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে।

মতামত দিন