জাতীয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে ৯ মে।

নিজেস্ব প্রতিবেদক:

ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে দেশে পৌঁছাবে বলে জানা গেছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি প্রথমে দুবাই নেওয়া হবে।

পরে সেখান থেকে ট্রানজিট শেষে ৯ মে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে একই দিনে যুক্তরাষ্ট্রের টাম্পা শহরে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরবর্তীতে ফ্লোরিডার একটি সেতুর পাশ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেটকে আটক করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন