জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনার পর তাণ্ডব, ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার বিক্ষোভে মহাসড়কে অচলাবস্থা তৈরি হয়। এ সময় দুটি ট্রাকে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়ক পার হওয়ার সময় আক্কাশ আলী নামে এক ব্যক্তি বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। নিহত আক্কাশ পেশায় দর্জি ছিলেন এবং চারঘাট উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আরেকটি ট্রাকেও আগুন দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ভিডিও ধারণের সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার ঘটনাও ঘটে।

পরে পুঠিয়া থানা ও হাইওয়ে পুলিশের যৌথ চেষ্টায় সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে বাধার মুখে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

মতামত দিন