অপরাধ
ছবি: সংগৃহীত

টঙ্গীতে রাতভর অভিযান, সন্দেহভাজন ৩১ জনকে গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রম দমনে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে সন্দেহভাজন ৩১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

রোববার রাত ১০টা থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা চলে এ অভিযান। টঙ্গীর ভরান সাকিন হাজীর মাজার বস্তি এলাকাকে কেন্দ্র করে ব্যাপক তল্লাশি চালানো হয়।

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে গোপন তথ্যের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করে। এলাকায় প্রবেশ করে বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা বা সেবনের সন্দেহ রয়েছে। যদিও ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি, তবুও তাদের চলাফেরা ও পূর্বতথ্যের ভিত্তিতে হেফাজতে নেওয়া হয়েছে।

বর্তমানে আটকরা টঙ্গী পশ্চিম থানা হেফাজতে রয়েছেন। তাদের অতীত রেকর্ড যাচাইসহ বিস্তারিত তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইজরায়েল হাওলাদার জানান, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন