জাতীয়
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, কমিশন গঠনের আবেদন।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া একাধিক সিদ্ধান্তের বৈধতা প্রশ্নবিদ্ধ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

রিটে ওই সময়কালে প্রণীত বিভিন্ন আইন, গঠিত সংস্কার কমিশন এবং দেশি-বিদেশি চুক্তিগুলোর আইনগত বৈধতা নিয়েও চ্যালেঞ্জ জানানো হয়েছে।

পাশাপাশি এসব সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আবেদন করা হয়েছে।

আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে, পুরো সময়ের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।এই রিটের মাধ্যমে বিষয়টি আদালতের বিবেচনায় এসেছে।

এছাড়া সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখারও আর্জি জানানো হয়েছে রিটে।

রোববার (৩ মে) জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দাখিল করেন। এতে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মুহসিন রশিদ সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের বিস্তারিত জানাতে ব্রিফিং করা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের শপথ ও পুরো প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেও একই আইনজীবী রিট করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ তা খারিজ করে দেয়। পরে সেই আদেশের বিরুদ্ধে আপিলও করা হয়েছিল।

পরবর্তীতে ২০২৪ সালের ৪ ডিসেম্বর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধতা দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। একই সঙ্গে ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলও খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর আগে রাষ্ট্রপতির আহ্বানে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা মোকাবিলায় অন্তর্বর্তী ব্যবস্থা গঠনের বিষয়ে মতামত দেয়।

মতামত দিন