নাশকতা মামলায় সাবেক এমপি বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের শুনানিতে আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ঘটনার সঙ্গে আসামির ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু জামিনের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, মিছিলের অর্থ জোগানদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন এবং এর কোনো প্রমাণ নেই। তিনি আরও উল্লেখ করেন, আসামির দুই সন্তান রয়েছে এবং তিনি নরসিংদীর বাসিন্দা—তাই অভিযোগ টেকসই নয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে এবং একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধারের কথা উল্লেখ করা হয়।
এ ঘটনায় তেজগাঁও থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দাবি করা হয়, ওই মিছিলের অর্থ জোগানদাতা হিসেবে তামান্না নুসরাত বুবলীর সম্পৃক্ততা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
উল্লেখ্য, তামান্না নুসরাত বুবলী বর্তমানে তেজগাঁও থানার আরেকটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন।

মতামত দিন