পুলিশের নতুন পোশাক মানানসই নয়, আগের পোশাকেই ফিরছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ বাহিনীর সাম্প্রতিক পোশাক পরিবর্তন নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে আগের ইউনিফর্মে ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, শার্টের রঙ আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং অন্যত্র নীল; প্যান্ট থাকবে খাকি রঙের।
সোমবার (০৪ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ৫ আগস্টের পর বেশ কয়েকজন শীর্ষ অপরাধী আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়েছেন, যেখানে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। তবে তাদের কেউ কেউ সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রশাসন জনগণের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জনদুর্ভোগ কমাতে উদ্যোগ অব্যাহত থাকলেও দৃশ্যমান পরিবর্তন আনতে কিছুটা সময় লাগতে পারে।
এদিকে সাম্প্রতিক সময়ে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে তিনি বলেন, এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয় বলেও তিনি স্পষ্ট করেন।

মতামত দিন