ট্রাফিক আইন অমান্য করলে কঠোর শাস্তি, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা।
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা আনতে এবার প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে।
রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক করতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহন, নিবন্ধন ছাড়া চলাচল, অবৈধ পার্কিং এবং বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভিতে ধারণ করা ছবি ও ভিডিও ব্যবহার করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট চালক বা মালিকদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।
নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে উপস্থিত হয়ে জরিমানা পরিশোধের মাধ্যমে মামলা নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে। জরিমানার অর্থ ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
তবে নোটিশ উপেক্ষা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সমন জারি কিংবা গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়াও শুরু হয়েছে।
একই সঙ্গে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, সিসিটিভি মামলার নামে কোনো ব্যক্তি বা চক্র অর্থ দাবি করলে বা ব্যক্তিগত তথ্য চাইলে তা থেকে বিরত থাকতে হবে। এমন কোনো ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সিগন্যালগুলোতে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ শনাক্ত করে ডিজিটালভাবে মামলা দেওয়া হচ্ছে।

মতামত দিন