দেশজুড়ে বৃষ্টির ধারার মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এ সময়ে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে।
এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে ৫ থেকে ৮ দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, যার সঙ্গে শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে।
তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও, দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। এর মধ্যে একটি সময় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, সামগ্রিকভাবে স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সাময়িকভাবে বাড়তে পারে।
সম্ভাব্য এই আবহাওয়াজনিত পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত দিন