মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ।
মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। ভোক্তাপর্যায়ে এর মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯৪০ টাকা।
রোববার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্ত জানায়। ঘোষণা অনুযায়ী, নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় নেওয়া হয়, যা মে মাসেও বহাল রাখা হয়েছে।
অন্যদিকে অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। মে মাসের জন্য মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা, যা আগের দামের তুলনায় ২ পয়সা বেশি।
গত মাসেও অটোগ্যাসের দাম দুইবার সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল বড় ধরনের বৃদ্ধির পর ১৯ এপ্রিল আবারও দাম বাড়িয়ে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়। এবার সেই দামের ওপর সামান্য বাড়তি যোগ হয়েছে।
মতামত দিন