ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

টানা আট মাস রফতানি নিম্নমুখী থাকার পর, এপ্রিলে আয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

নিজেস্ব প্রতিবেদক:

টানা আট মাস নিম্নমুখী থাকার পর দেশের রফতানি খাত আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে পণ্য রফতানি থেকে আয় হয়েছে ৪০০ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৯২ শতাংশ বেশি।

রোববার (৩ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০২৫ সালের এপ্রিল মাসে যেখানে আয় ছিল ৩০১ কোটি ৬৮ লাখ ডলার, সেখানে এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

রফতানির এ উল্লম্ফনে সবচেয়ে বড় অবদান রেখেছে তৈরি পোশাক খাত। এপ্রিলে এই খাত থেকে আয় হয়েছে ৩১৪ কোটি ৯ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি। গত বছর এ সময় আয় ছিল ২৩৯ কোটি ৩৭ লাখ ডলার।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, নিটওয়্যার থেকে এসেছে ১৭০ কোটি ৩৮ লাখ ডলার—যা ৩০ দশমিক ০২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। অন্যদিকে ওভেন পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১৪৩ কোটি ৭০ লাখ ডলার, যা বেড়েছে ৩২ দশমিক ৬৫ শতাংশ।

শুধু পোশাক নয়, অন্যান্য খাতেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। হোম টেক্সটাইল খাতে রফতানি আয় ৪৮ দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৩৪ লাখ ডলারে। চামড়া ও চামড়াজাত পণ্যে আয় বেড়েছে ৩৫ দশমিক ৬৭ শতাংশ, যা হয়েছে ১০ কোটি ৯ লাখ ডলার। কৃষিপণ্যে প্রবৃদ্ধি আরও বেশি—৬৫ দশমিক ৬৬ শতাংশ, আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৫৯ লাখ ডলারে।

তবে সামগ্রিক অর্থবছরের চিত্র এখনো পুরোপুরি ইতিবাচক নয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ২৭ ধরনের পণ্য রফতানি করে মোট আয় হয়েছে ৩ হাজার ৯৩৯ কোটি ৬৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ০২ শতাংশ কম।

মতামত দিন