২৩ ঘণ্টা চলেই আবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই আবারও বন্ধ হয়ে গেছে।
গত শুক্রবার (১ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, টিউবজনিত ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করতে হয়েছে। বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
তিনি বলেন, একটি ইউনিট চালু হওয়ার পর কিছু সময়ের মধ্যে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে মাঝেমধ্যে সীমিত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। নির্মাণকাল থেকেই থাকা বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম বলেন, কোল ইয়ার্ড-সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। উৎপাদিত কয়লা বিকল্প স্থানে সংরক্ষণের বিষয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
সূত্র জানায়, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হয়।
পরে ২০১৭ সালে আরও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট যুক্ত করা হলেও নানা যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি এখনো পূর্ণ সক্ষমতায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।
মতামত দিন