জাতীয়
ছবি: সংগৃহীত

কালবৈশাখীতে মেঘনায় নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ।

নিজেস্ব প্রতিবেদক:

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন— চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) এবং একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)। তারা দুজনই পেশায় জেলে।

প্রাণে বেঁচে ফেরা জেলে মামুন জানান, দুপুরে তারা চারজন নৌকায় জাল তুলছিলেন। আকাশে মেঘ থাকলেও এমন ঝড় হবে তা বুঝতে পারেননি। হঠাৎ করে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হলে মুহূর্তের মধ্যেই নৌকাটি উল্টে যায়। সবাই নদীতে ছিটকে পড়েন। তিনি ও আরেকজন কোনোভাবে সাঁতরে পাড়ে উঠতে পারলেও শিপন ও জুয়েলকে আর দেখা যায়নি।

নিখোঁজ জুয়েলের মামাতো ভাই মো. আফসার হোসেন বলেন, খবর পেয়ে তারা ট্রলার নিয়ে নদীতে নামলেও স্রোতের কারণে এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নিখোঁজদের পরিবারে চলছে আহাজারি। স্বজনরা ট্রলার নিয়ে পুরো এলাকা খুঁজেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাননি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা প্রয়োজন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, খবর পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

মতামত দিন