জাতীয়
ছবি: সংগৃহীত

রাঙামাটি ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

রোববার (০৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।

মিছিলটি শহরের বনরুপা হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা।

প্রায় আড়াই ঘণ্টা অবরোধ চলার পর দুপুর পৌনে ২টার দিকে জেলা বিএনপির নেতাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে নানা স্লোগানও দেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারী নেতাকর্মীদের অভিযোগ, কমিটিতে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং অপহরণকারী, চাঁদাবাজ ও বিবাহিতদের অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণা করা হয়েছে বলে দাবি তাদের। একই সঙ্গে অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। নতুন করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে কমিটি না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

সড়ক অবরোধ তুলে নিতে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির একাধিক দফায় আলোচনা করেন।

জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির অর্থ সম্পাদক মো. হেলিম বলেন, “আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। চেয়েছিলাম সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। কিন্তু ঘোষিত কমিটিতে অনেক অযোগ্য ও বিবাহিত ব্যক্তিকে রাখা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।”

এর আগে শনিবার (০২ মে) অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

মতামত দিন