অপরাধ
ছবি: সংগৃহীত

দুই দিনে ১৫২ জন চাঁদাবাজ ও সহযোগী গ্রেপ্তার, বিশেষ অভিযান শুরু ডিএমপির।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরীতে বিশেষ অভিযানে দুই দিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

রোববার (০৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশের মূল অগ্রাধিকার থাকবে চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা।

তিনি বলেন, রাজধানীতে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, বর্তমানে কিছু মাঝারি পর্যায়ের সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হলেও তারা মূলত নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়ায়। সাধারণ মানুষের ওপর বড় ধরনের হামলার ঘটনা তুলনামূলকভাবে কমেছে। তবে এসব চক্রকে নজরদারিতে রেখে গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, অপরাধ দমনে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ গ্রহণ করা হয়েছে। এর আওতায় চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকরেইড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এছাড়া ডিবি, সিটিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনলাইন জুয়া ও প্রতারণা ঠেকাতে প্রযুক্তিনির্ভর তদন্তও জোরদার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের তথ্য জানিয়ে তিনি বলেন, শনিবার একদিনেই ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ছোট বিক্রেতাদের পাশাপাশি বড় মাদক চালান জব্দ করা হচ্ছে। পাশাপাশি সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করে তাদের পেছনের গডফাদারদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মতামত দিন