যুক্তরাষ্ট্রের অবরোধ ফাঁকি দিয়ে ১৯ লাখ ব্যারেল তেল রপ্তানি বাড়াল ইরান।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রম করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বড় তেলবাহী জাহাজ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকারস ডটকম-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।
প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেয়। ওই সময় জাহাজটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। পরে মালাক্কা প্রণালি অতিক্রমের পর জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রাখা হয়, ফলে এর গতিবিধি ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে অবরোধ ভেঙেছে। অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষের মতে, অন্তত ৪১টি ইরান-সংশ্লিষ্ট জাহাজকে তারা গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা দেশটির অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করছে।
তথ্যসূত্র: আল জাজিরা

মতামত দিন