বিনোদন
ছবি: সংগৃহীত

দুই বছর পর বড় পর্দায় মৌসুমী, আসছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তার নতুন ছবি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ মে, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয়ের টানেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। হাসান জাহাঙ্গীর পরিচালিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রবাসে এক নারীর কঠিন বাস্তবতা ও টিকে থাকার সংগ্রাম ঘিরে।

নির্মাতা জানান, বিদেশের জীবনে নানা জটিল পরিস্থিতি অনেক সময় মানুষকে অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ছবিতে দেখানো হয়েছে—দেশে স্বামী থাকা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে প্রবাসে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার গল্প। নারীর সম্মান ও অস্তিত্বের লড়াইকে গুরুত্ব দিয়েই চিত্রনাট্য নির্মাণ করা হয়েছে।

চলচ্চিত্রটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রায় ৮০ শতাংশ কাজ হয়েছে সেখানে। বাকি অংশের শুটিং সম্পন্ন হয়েছে বাংলাদেশে। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

সবশেষ বড় পর্দায় তাকে দেখা গিয়েছিল ‘সোনার চর’ ছবিতে। প্রায় দুই বছর পর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে তার এই প্রত্যাবর্তন দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, সেটাই এখন দেখার বিষয়।

মতামত দিন