রাজনীতি
ছবি: সংগৃহীত

'সিস্টেমে ঢুকে কেউ যেন হাসিনা না হয়' সেই লক্ষ্যে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৩ মে) এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে তীক্ষ্ণ বক্তব্য রাখলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যেকোনো ব্যক্তি যাতে ক্ষমতার কাঠামোয় ঢুকে আরেক হাসিনা হয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যে লড়াই অব্যাহত থাকবে।

বর্তমান সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাসনাত। তার ভাষায়, এই সরকারে বারবার মুড সুইং দেখা যায় এবং সিদ্ধান্ত কোথা থেকে আসছে তা বোঝা যায় না। তিনি বলেন, সরকারের ভেতরে অনেক সরকার আছে বলে মনে হয় এবং কিছুদিন পর বলা হয় প্রধানকে ভুল বোঝানো হয়েছে।

জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়া এখন জরুরি। জ্বালানি কমিটির অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সরকারের অনেক আমলাই বিভিন্ন জ্বালানি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছেন। রাজস্ব আদায়ে এনআইডি ইন্টিগ্রেটেড ক্যাশলেস অটোমেশন চালুর দাবিও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে হাসনাত বলেন, নির্বাচনের স্বার্থে বিএনপি সবকিছু মেনে নিয়েছে — এই বক্তব্য তার ভণ্ডামি জাতির সামনে তুলে ধরেছে। আইনমন্ত্রীর বিরুদ্ধেও সত্য চেপে রেখে অসত্যকে কাব্যিক ভাষায় উপস্থাপনের অভিযোগ করেন তিনি। সবমিলিয়ে দেশের প্রতিটি নাগরিক ও প্রতিষ্ঠান প্রতারিত বোধ করছে বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা।

মতামত দিন